Ptv-Public TV
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরী
  6. টপ টেন
  7. দেশজুড়ে
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. ভিডিও
  12. সর্বশেষ

‘উনি গালি দিলেন, না দোয়া দিলেন—কিছুই বুঝলাম না’ শফিকুর রহমান

প্রতিবেদক
nazmulnirob
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ণ
‘উনি গালি দিলেন, না দোয়া দিলেন—কিছুই বুঝলাম না’ শফিকুর রহমান

জাতীয় সংসদে ব্যাপক হট্টগোলের কারণে সংসদ সদস্য রুমিন ফারহানা কী বক্তব্য দিয়েছেন, তা কিছুই শুনতে বা বুঝতে পারেননি বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (৯ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলাকালে রুমিন ফারহানা বক্তব্য দেওয়ার সময় হট্টগোল শুরু হলে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা।

শফিকুর রহমান বলেন, সংসদে প্রত্যেক সদস্যের বক্তব্য শোনার সুযোগ নিশ্চিত করা যেমন দায়িত্ব, তেমনি নিজের মত প্রকাশের অধিকারও একজন সংসদ সদস্যের রয়েছে। কোনো সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা তাকে কথা বলতে বাধা দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, কোনো সংসদ সদস্যের বক্তব্যে অসংসদীয় বা অনাকাঙ্ক্ষিত কিছু থাকলে স্পিকারের আসন থেকে রুলিং দেওয়া যেতে পারে। প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট মন্ত্রীও সেই বক্তব্যের জবাব দিতে পারেন। তবে কোনো সদস্যের বক্তব্য পুরোপুরি হট্টগোলে ঢেকে দেওয়া কিংবা তাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়া উচিত নয়।

বিরোধীদলীয় নেতা বলেন, “উনি কী বললেন, আমরা তো একেবারেই বুঝতে পারলাম না। উনি গালি দিলেন না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না।”

তিনি আরও বলেন, একজন সংসদ সদস্যের বক্তব্য সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে শোনা ও রেকর্ডে থাকা প্রয়োজন। কিন্তু হট্টগোলের কারণে যদি তার বক্তব্য কেউ শুনতেই না পারেন, তাহলে তিনি আদৌ সংসদ সদস্য হিসেবে তার বক্তব্য দেওয়ার অধিকার প্রয়োগ করতে পারলেন কি না, সেই প্রশ্ন থেকে যায়।

শফিকুর রহমান বলেন, আগের দিনও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। এ ধরনের ঘটনা সংসদীয় কার্যক্রমের জন্য উদ্বেগের বিষয় উল্লেখ করে তিনি এর প্রতিকার কী এবং বক্তব্য কীভাবে রেকর্ড হবে, তা স্পষ্ট করার আহ্বান জানান।

সংসদে মতপ্রকাশের স্বাধীনতা ও কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে স্পিকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান বিরোধীদলীয় নেতা।

সর্বশেষ - বাংলাদেশ