বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরী
  6. টপ টেন
  7. দেশজুড়ে
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. ভিডিও
  12. সর্বশেষ

বিএনপির প্রতি মানুষের আস্থা অটুট থাকবে: জাহিদ

প্রতিবেদক
nazmulnirob
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ণ
বিএনপির প্রতি মানুষের আস্থা অটুট থাকবে: জাহিদ

বিএনপি শুধু কথা বলার রাজনীতি করে না, বরং দেওয়া কথা বাস্তবায়নে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ফেনীর ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফর উপলক্ষে প্রস্তুতির অগ্রগতি, জনসমাগম ও নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সফরের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত খোঁজ নেন।

জাহিদ হোসেন বলেন, বিএনপি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চায়। বাংলাদেশের মানুষ সবসময় বিএনপির প্রতি আস্থা রেখেছে এবং ভবিষ্যতেও সেই আস্থা অটুট থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী জানান, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলগাজীতে বেশ কয়েকটি কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন। একই দিনে ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে মুহুরী প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রী ফুলগাজীর শ্রীপুরে তার মাতুলালয় মজুমদার বাড়িতে যাবেন এবং পারিবারিক কবরস্থানে জিয়ারত করবেন বলেও জানান মন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক প্রস্তুতি চলছে জানিয়ে জাহিদ হোসেন বলেন, সফরটি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

পরিদর্শনের সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহাবুবউল করিম, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - টপ টেন